নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্র সংসদ কমিটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবীদের মত প্রকাশ
বিশেষ প্রতিবেদন : নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্র-ছাত্রী সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সহ-সভাপতি [ভিপি] পদে দায়িত্ব পেয়েছেন সাদ্দাম এবং সাধারণ সম্পাদক [জিএস] পদে দায়িত্ব পেয়েছেন তিন্নী।
কমিটি ঘোষণার পর ক্যাম্পাসে নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানাতে শিক্ষার্থীরা উপস্থিত হয়ে স্বাগত জানান।
নবনিযুক্ত ভিপি সাদ্দাম বলেন, কমিটি যে দায়িত্ব দিয়েছে তা সততার সঙ্গে পালন করব। আইন কলেজের শিক্ষার্থীদের অধিকার আদায় এবং ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য। সবার মতামতকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করব।
জিএস তিন্নী বলেন, “সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে আইন কলেজের সমস্যা সমাধান সহ আইন কলেজের শিক্ষার মানোন্নয় কার্যক্রম গতিশীল করব। শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করব এবং কেউ বিরোধিতা না করে একে অপরকে সহযোগিতার হাত বাড়াবো।
শিক্ষার্থীদের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলেন, কমিটি যাদের দিয়েছে তাদের কাছ থেকে আমরা আশা করি লাইব্রেরি, মুট কোর্ট প্র্যাকটিস এবং ক্লাসরুমের সুযোগ-সুবিধা বাড়াবে।
তারা আরো বলেন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করলে আমরা আরও সক্রিয় হতে পারব।”
নারায়ণগঞ্জ আইন কলেজের প্রিন্সিপাল এড মো. সাখাওয়াত খান বলেন, কমিটির সিদ্ধান্তে নতুন ভিপি-জিএস এর কাছে আশা করি তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কলেজের একাডেমিক পরিবেশ আরও শক্তিশালী করবে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবীগণ বলেন, “আইন কলেজের ছাত্র সংসদ ভবিষ্যতের আইনজীবী তৈরির প্রথম মঞ্চ। এখানকার নেতৃত্ব যদি দায়িত্বশীল হয়, তবে তারা আদালত ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
তারা আরো বলেন, ছাত্র নেতৃত্বকে ন্যায়বিচার, পেশাগত নৈতিকতা ও মানবাধিকারের চর্চা করতে হবে। এটাই আইন পেশার মূল ভিত্তি।”
কমিটির এই সিদ্ধান্তকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও আইনজীবী মহল আশা প্রকাশ করেছেন যে নতুন নেতৃত্ব কলেজের ছাত্র সংসদ কার্যক্রমে নতুন গতি আনবে।