নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু-র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। তিনি বলেন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিএনপি শুধু রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনই নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবসময় জনগণের পাশে রয়েছে।
তিনি নারী নেত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে হবে এবং সাধারণ মানুষকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী বন্যা আক্তার, সহ-সভাপতি সখী আক্তার, ২৩ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী লিপি আক্তারসহ মহানগর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।
আলোচনা শেষে নেতৃবৃন্দ ও নারী নেত্রীদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।