বিশেষ প্রতিবেদন : মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মো. পলিন খানের আর্থিক সহায়তার আবেদন পাওয়ার পর তার প্রয়োজনীয়তা বিবেচনা করে চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি।
জানা যায়, মো. পলিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্স শ্রেণির একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। উচ্চশিক্ষা চালিয়ে যেতে ব্রেইল বই, ব্রেইল পেপার, অডিও রেকর্ডার, টকিং কম্পিউটারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ কেনার জন্য তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেন।
আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জেলা প্রশাসক দ্রুত প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেন এবং শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তার চেক প্রদান করেন।
চেক হস্তান্তরের সময় তিনি মানবিক আচরণের পরিচয় দিয়ে বসা অবস্থা থেকে নিজ হাতে ধরে শিক্ষার্থীকে দাঁড় করিয়ে সম্মানের সঙ্গে তার হাতে চেক তুলে দেন।
জেলা প্রশাসকের এমন সহমর্মিতা ও আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মো. পলিন খান।
উপস্থিত ব্যক্তিরাও বলেন, একজন সরকারি কর্মকর্তার এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এবং অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়।
এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সচেতন মহল আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।