বিশেষ প্রতিবেদক : মহানগর বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় পরিবহন নেতৃবৃন্দ। একই সাথে ‘মৌমিতা পরিবহন’ এর পরিচালককে জড়িয়ে উদ্ভূত পরিস্থিতির বিষয়েও অকপটে প্রকৃত সত্য তুলে ধরেছেন তারা।
পরিবহন খাতের দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা কালা এক বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলেন, “অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু একজন আদর্শবান ও ন্যায়পরায়ণ মানুষ। একজন আইনজীবী হিসেবে এবং রাজনৈতিক অঙ্গনে তিনি সব সময় মানবতার কল্যাণে কাজ করে আসছেন। তাকে কেন্দ্র করে যে চাঁদাবাজির অপবাদ দেওয়া হচ্ছে, আমি তার তীব্র নিন্দা জানাই এবং এই নোংরা ষড়যন্ত্রের পেছনে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
পরিবহন খাতের অতীত ঐতিহ্য স্মরণ করে নেতা কালা আরও বলেন, আমরা পাকিস্তান আমল থেকে বংশপরম্পরায় এই পরিবহন খাতের শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিয়োজিত আছি। দীর্ঘ এই পথচলায় যেকোনো বিপদে-আপদে, সংকটে কিংবা আইনি সমস্যায় আমরা সব সময় টিপু ভাইকে আমাদের পাশে পেয়েছি। তিনি নিঃস্বার্থভাবে আমাদের সহযোগিতা করেন, কোনো প্রকার আর্থিক সুবিধা বা চাঁদা নেওয়ার প্রশ্নই আসে না।
স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ নির্দোষ, স্বীকারোক্তি সহ পরিবহন নেতা কালা তার বক্তব্যে আরও বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করে বলেন, রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিহিংসা থেকে একটি মহল জলঘোলা করার চেষ্টা করছে। তিনি দৃঢ়তার সাথে স্বীকারোক্তি দেন যে— স্বেচ্ছাসেবক দলের নেতা রানা, পরিবহন নেতা তপন, বুদ্ধি, হিরা, মাসুম এবং বরকতসহ অন্য কোনো নেতাকর্মী এই তথাকথিত চাঁদাবাজির সাথে বিন্দুমাত্র জড়িত নন। তাদের জড়িয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
তবে পরিবহন নেতাকর্মী এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি জানান, একটি মহল পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক নেতাদের হেয় প্রতিপন্ন করতে এই ধরণের বানোয়াট গল্প ফাঁদছে। মৌমিতা পরিবহনের পরিচালক বা অন্য কোনো খাত থেকে চাঁদা দাবির কোনো প্রমাণ নেই, বরং এটি একটি সুগভীর ষড়যন্ত্রেরই অংশ।
পরিবহন নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই মিথ্যা প্রোপাগান্ডা বন্ধ করার জোর দাবি জানিয়েছেন, অন্যথায় সাধারণ পরিবহন শ্রমিকদের সাথে নিয়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।