“আদালত কর্তৃক সরেজমিনে পরিদর্শনে সিনিয়র সহকারী জজ”
হাজীগঞ্জে তাৎক্ষণিক মিটে গেল দীর্ঘ দিনের ভূমি বিরোধ
জসিম উদ্দিন॥
ভূমি নিয়ে দীর্ঘদিন বিরোধ, চলছে আদালতে মামলা। সেই মামলায় আদালত কর্তৃক সরেজমিনে পরিদর্শনে আসলেন সিনিয়র সহকারী জজ মো. আবদুল আলীম। উভয় পক্ষদয়ের ভূমি বিরোধটি তাৎক্ষনিক মিটিয়ে দিলেন।
আজ শুক্রবার (২৩ মে) চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মোঃ আবদুল আলীম তার এখতিয়ারাধীন হাজীগঞ্জ উপজেলায় একটি দেওয়ানী মোকদ্দমার নালিশা জমি সরেজমিন পরিদর্শনে যান।
ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়নের নাটেহরা গ্রামে।
ঐ সময় মোকাদ্দমাটির বাদী, বিবাদী, তাদের আইনজীবীগণ, আদালতের পেশকার, পুলিশ, সার্ভেয়ারগণ ও স্থানীয় গণ্যমান্য লোক উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে বিজ্ঞ বিচারক বাদী, বিবাদীর মধ্যে বেশ কিছু বছর ধরে চলে আসা ভূমি বিরোধ বাদী, বিবাদী উভয়ের সম্মতি ও আগ্রহে চূড়ান্ত মিমাংসা করে দেন এবং বিরোধীয় জমির সীমানা স্থায়ীভাবে চিহ্নিত করে দেন। এতে মোকদ্দমার উভয় পক্ষ বিজ্ঞ আদালতের এই জনহিতৈষী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।
মোকদ্দমার ভূমি বিরোধের তাৎক্ষণিক এই আপোষ মীমাংসায় খুশিতে বিচারপ্রার্থী বাদী ও বিবাদী আবেগ আপ্লুত হয়ে যান। এসময় বাদী ও বিবাদী পরস্পরকে জড়িয়ে মোলাকাত করেন এবং ভবিষ্যতে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গিকার করেন।
এ সময় উপস্থিত স্থানীয় লোকজন বলেন, আদালতের এই সরেজমিন পরিদর্শনে বিচারপ্রার্থী জনগণ সল্প সময়ে, স্বল্প খরচে তাদের দোরগোড়ায় ন্যায়বিচার পেয়েছেন। স্থানীয় জনগণ এই ধরনের আরো পদক্ষেপ বিজ্ঞ আদালত থেকে আশা করেন মর্মে জানিয়েছেন।
আদালত কর্তৃক জানা যায়, কিছদিন আগে হাজীগঞ্জ উপজেলা সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমার বাদী পক্ষ আদালত কর্তৃক মোকদ্দমার নালিশা জমি সরেজমিন পরিদর্শন করে মোকদ্দমাটি তাৎক্ষণিক আপোষ মীমাংসা করতে দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর অর্ডার ১৮, রুল ১৮ ও
ADR (Alternative Dispute Resolution)
সংক্রান্ত বিধানের অধীনে আবেদন করেন। বাদীর এই আবেদনে শুনানি কালে বিবাদীপক্ষ অনাপত্তি দেয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে মোকদ্দমার নালিশা জমিতে সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সে অনুযায়ী আজ সরেজমিন পরিদর্শনে বিজ্ঞ বিচারক সফলভাবে মোকদ্দমাটির ভূমি বিরোধের স্থায়ী সমাধান করেন।
এ সময় বাদী মোঃ শফিকুর রহমান, বিবাদী মোঃ মমিনুল হক তালুকদার, এডভোকেট মোঃ নূরুল হক, এডভোকেট মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।